চলতি বছর পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ ৯ জুলাই বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় বাজেট ইতিমধ্যে রাখা হয়েছে। তবে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যা মোকাবেলায় সরকার কাজ করছে।
প্রতিমন্ত্রী বলেন, সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও গণমুখী করতে নির্ধারিত সময়ের মধ্যে ধাপে ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়েছে। এই লক্ষ্যে প্রয়োজনীয় আর্থিক প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সরকারের অঙ্গীকার। তবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ১৯৯৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান আমার নিজের নামে নিজস্ব অর্থে করেছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী তিনটি উপজেলার নাম পরিবর্তন করা হয়েছে। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু না।







