দীর্ঘ ১৮ বছর ক্রিকেট মাঠে বিচরণ করে চলেছেন সাকিব আল হাসান। বিশ্ব ক্রিকেটে ব্র্যান্ড হয়ে ওঠা টাইগার অলরাউন্ডারের অর্জনের পাল্লাটা বেশ ভারি। সাইলেন্ট কিলার হয়ে প্রায় ১৭ বছর দলে অবদান রাখছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে দুই সিনিয়র ক্রিকেটারের কাছে থাকছে বাড়তি প্রত্যাশা।
সতীর্থদের সঙ্গে সাকিব-মাহমুদউল্লাহর আচরণ কেমন, ড্রেসিংরুমে তারা খেলোয়াড়দের উপর কতটা প্রভাব ফেলেন- এসব নিয়ে রয়েছে বিস্তর আলোচনা। তরুণ ক্রিকেটারদের প্রতি তাদের মনোভাব কেমন, সেটি নিয়ে খোলাখুলি জানালেন লিটন দাস।
টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বিসিবি। দলের সঙ্গে থাকা কোচ এবং খেলোয়াড়রা জানাচ্ছেন ভাবনা। মঙ্গলবার প্রকাশিত ভিডিওতে দলের দুই সিনিয়র ক্রিকেটারকে নিয়ে কথা বলেছেন লিটন।
‘আমার তো মনে হয় না সাকিব ভাইকে দেখলে যে অনেক পুরনো ক্রিকেটার। উনি যেভাবে সবার সাথে আচরণ করেন, মনে হয় যে খুবই বন্ধুসুলভ। এটা একটা সবচেয়ে বড় জিনিস। বাস্তবে রিয়াদ ভাইও এখন অনেক বন্ধুসুলভ।’
‘আমরা তো অনেকদিন ধরে খেলছি। আরও যারা জুনিয়ররা আসছে, নতুন আসছে, তাদের সাথেও খুব বন্ধুসুলভ আচরণ করেন। যেন তারাও স্বস্তি অনুভব করে। স্বাভাবিকভাবে যদি দেখতাম একটা খেলোয়াড় ১৫ বছর ক্রিকেট খেলছে আন্তর্জাতিক আর আমি প্রথম ড্রেসিংরুমে ঢুকছি, একটু নার্ভাস অনুভবটা সবারই থাকে। এদিক দিয়ে আমাদের সিনিয়ররা যারা আছেন, তারা কখনো এই জিনিসটা আমাদের অনুভব করাননি। সবসময় স্বাগত জানিয়েছেন এবং খুব উৎফুল্ল মনে।’
অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে নিয়েও মনোভাব পরিষ্কার করেছেন লিটন। বলেছেন, ‘শেষ কয়েকটা সিরিজে খুবই ভালো অধিনায়কত্ব করছে। আমার কাছে খুবই ভালো লাগছে। ওর হাতে তিন ফরম্যাটের দায়িত্ব এসেছে। সার্বিকভাবে যা দেখছি, তাতে মনে হচ্ছে ও উন্নতি করছে। স্বাভাবিকভাবেই যেকোনো মানুষের উন্নতির শেষ নেই। সে খুব ভালো করছে।’








