চোট কাটিয়ে নেটে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন লিটন দাস ও নুরুল হাসান সোহান। শনিবার একাডেমি মাঠে ফিটনেস ট্রেনিংয়ে জুবায়ের হোসেন লিখনকে দেখে ডেকে নেন তারা। লেগ স্পিন সামলানোর কসরত দিয়েই শুরু হয় লিটন-সোহানের ফেরার লড়াই।
আগামী মাসে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ। ঢাকা বিভাগের ক্রিকেটাররা মিরপুরেই তৈরি হচ্ছেন। ফিটনেস টেস্ট হবে ২৫ সেপ্টেম্বর। তার আগে লাল বলে কাজ শুরু করা জুবায়ের সাদা বল হাতে তুলে নেন টি-টুয়েন্টির গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারের অনুরোধে।

একসময় টেস্ট খেলা জুবায়ের নেটে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের বল করেন মাঝেমাঝেই। গুগলিতে পারদর্শী হওয়ায় নেটে বেশ চাহিদাও তার। যদিও সংযুক্ত আরব আমরাতে এশিয়া কাপের জন্য নেট বোলিংয়ের সহায়তা নিতে টিম ম্যানেজমেন্ট উড়িয়ে নেয় রিশাদ হোসেনকে।
আফগানিস্তানের রশিদ খান, শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গাদের সামলাতে ভারত থেকেও একজন লেগ স্পিনার ডেকে আনেন টাইগারদের নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। লেগ স্পিনের গুরুত্ব বুঝলেও দেশের কারও ওপর ভরসা করতে পারছে না টিম ম্যানেজমেন্ট।
আমিনুল ইসলাম বিপ্লব আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে নিজেকে কিছুটা প্রমাণ করলেও জুবায়েরের মতোই ছুঁড়ে ফেলা হয়েছে তাকে। অনূর্ধ্ব-১৯ দলে অলরাউন্ডার হিসেবে খেলা আমিনুল এখন ব্যাটিংয়ে গুরুত্ব বাড়াচ্ছেন। এইচপি ক্যাম্পে ৫০ ওভারের অনুশীলন ম্যাচে সেঞ্চুরি করেছেন কিছুদিন আগেই।








