বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বিএনপি করার অপরাধে দলের নেতা-কর্মীদের হত্যা করা হয়েছে। সন্তান-ভাইদের গুম করেছে।
শনিবার (৬ এপ্রিল) বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল এবং গুম-খুন এর শিকার ব্যক্তিদের পরিবারের সম্মানে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় আসার পর গুমের পরিবেশ সৃষ্টি করেছে সরকার। শুধু গ্রেপ্তার নয়, কারাগারে বিএনপি নেতা-কর্মীদের নির্যাতন করা হয়। বিরোধী দলের নেতা-কর্মীরা কষ্টে জীবন-যাপন করলেও তারা হতাশ নয়।
ফখরুল বলেন, এ আন্দোলন বিএনপির একার নয়, পুরো জাতিকে রক্ষার আন্দোলন।
তিনি বলেন, ২৮ অক্টোবরের সমাবেশ পন্ড করার দু-দিনের মধ্যে সারা দেশে ৩৭ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।








