রমিজ রাজার পর সভাপতি পদে নাজাম শেঠি আসার পর পরিবর্তন আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)। পুরনো নির্বাচক প্যানেল ভেঙে অন্তর্বর্তীকালীন প্যানেল তৈরি করেছে নতুন ব্যবস্থাপনা কমিটি। সেখানে আজ প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
পিসিবির ঘোষিত তিন জনের প্যানেলে আফ্রিদির সঙ্গে থাকবেন একসময়ের সতীর্থ আব্দুল রাজ্জাক ও রাও ইফতেখার আনজুম। আফ্রিদিরা দায়িত্বে থাকবেন নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য। সেখানে আহ্বায়ক হিসেবে থাকবেন পিসিবি ব্যবস্থাপনা কমিটির সদস্য হারুন রাশিদ।
খেলোয়াড়ি জীবনে ভয়ডরহীন থাকা আফ্রিদি দুর্দান্ত সব সিদ্ধান্ত নিবেন বলে আশাবাদী বোর্ডপ্রধান নাজাম। বিবৃতিতে বলেছেন, ‘ভয়ডরহীন ক্রিকেট খেলা শহীদ আফ্রিদি সব ধরনের ক্রিকেটে আক্রমণাত্মক ছিলেন। ক্রিকেটে তার প্রায় ২০ বছরের অভিজ্ঞতা আছে। সব ধরণের ফরম্যাটে উল্লেখযোগ্য সাফল্য এবং গুরুত্বপূর্ণ হচ্ছে তরুণদের সবসময় সমর্থন করেন।’
বোর্ডের দায়িত্ব পেয়ে খুশি মারমুখি ব্যাটার আফ্রিদি। নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করার আশ্বাস দিয়ে বলেছেন, ‘আমাদের জয়ের ধারায় ফিরতে হবে। আমার কোনো সন্দেহ নেই, মেধাতান্ত্রিক ও কৌশলগত নির্বাচনের মাধ্যমে জাতীয় দলকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে শক্তিশালী পারফর্ম করতে এবং আমাদের ভক্তদের আস্থা পুনরুদ্ধার করতে সাহায্য করব।’








