ব্রাজিল কোচ টিটের কপালে চিন্তার বড় রেখাপাত করে দিয়েছে অসুস্থতা ও চোট। শুরুর দিকে চোটে পড়া নেইমার ফিরলেও বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন জেসাস-সহ কয়েকজন। সবশেষ চোটের তালিকায় যোগ হয়েছে সান্দ্রোর নাম। ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ আটের ম্যাচে তাকে ঘিরে দুশ্চিন্তা থাকলেও সেরা একাদশ পেতে আশাবাদী ব্রাজিল।
হেক্সা মিশনে শুক্রবার বাংলাদেশ সময় রাত নয়টায় শেষ চারের টিকিট জোগাড়ে নামবে টিটের দল। ইতিহাস, ঐতিহ্য ও পরিসংখ্যানে এগিয়ে থাকলেও গত আসরের রানার্সআপ ক্রোয়েটদের সমীহই করছে সেলেসাও বাহিনী। এডুকেশন সিটি স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নিজের সেরা একাদশ সাজাতে ব্যস্ত নেইমারদের বস।
শেষ ষোলোর ম্যাচ থেকে খুব বেশি পরিবর্তন না আনলেও সেলেসাওদের কপালে চিন্তার ভাজ ফেলেছেন সান্দ্রো। হাঁটুর ইনজুরিতে অ্যালেক্স টেলস ছিটকে যাওয়ায় সেখানে সান্দ্রোকে ভেবে রেখেছিলেন ব্রাজিল বস। তাকে ফিট না পেলে ক্রোয়েটদের বিপক্ষে দানিলোকে লেফট ব্যাকের দায়িত্ব সামলাতে হতে পারে। প্রথম পছন্দের দানিলোর জায়গায় দায়িত্ব এডের মিলিতাওয়ের উপরও দিতে পারেন টিটে।
ব্রাজিলের একাদশে আরেকটি বড় পরিবর্তন আসতে পারে মাঝমাঠে। বল দখলে দুর্দান্ত করা ক্রোয়েশিয়ার বিপক্ষে মিডফিল্ড শক্ত রাখতে চান সেলেসাও কোচ। সেক্ষেত্রে ফর্মেশনে পরিবর্তন এনে মাঝ মাঠে কাসেমিরো ও পাকুয়েতার পাশে ফ্রেডকে রাখতে পারেন। তবে আগের ফর্মেশনেও (৪-২-৩-১) খেলাতে পারেন টিটে।
রিচার্লিসনকে সামনে রেখে নেইমার, ভিনিসিয়াস ও রাফিনহাকে নিয়ে সাজাতে পারেন আক্রমণভাগ। পাকুয়েতা ঠিকঠাক থাকলে কাসেমিরো সঙ্গে সামলাবেন মিডফিল্ড। গোলপোস্টের নিচে থাকবেন আস্থার প্রতিদান দেয়া অ্যালিসন বেকার। অধিনায়ক সিলভা, মার্কুইনহোস, মিলিতাও ও সান্দ্রোর উপর বর্তাতে পারে ক্রোয়েটদের আক্রমণ ধাক্কা সামলানোর ভার।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার, অ্যালেক্স সান্দ্রো, থিয়াগো সিলভা (অধিনায়ক), মার্কুইনহোস, এডের মিলিতাও, কাসেমিরো, লুকাস পাকুয়েতা, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, রিচার্লিসন।








