বাংলাদেশ

আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো, আরও উন্নতি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে এবং এই ধারা ভবিষ্যতেও বজায় থাকবে।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক দুর্গাপূজায় অসুর প্রতিমার মুখে দাড়ি লাগানোর ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ঘটনায় জড়িত ৭০০ জনেরও বেশি ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে জিডি করা হয়েছে এবং মামলা চলছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।”

এ সময় তিনি বৌদ্ধ ধর্মের মৌলিক নীতির প্রসঙ্গ তুলে বলেন, অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ থাকাই বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা। এসব নীতি অনুসরণ করলে সমাজ থেকে অন্যায়, অপরাধ, দুর্নীতি ও অবিচার দূর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অতীশ দীপঙ্করের অবদান স্মরণ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অতীশ দীপঙ্কর শুধু বাংলাদেশের নয়, বিশ্বের সম্পদ। তার নামে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি।

অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সর্বদা বদ্ধপরিকর জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত মাসব্যাপী কঠিন চীবর দান কর্মসূচি শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সরকার সব ধরনের সহযোগিতা দেবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বিরাককোডি, সাবেক অতিরিক্ত সচিব প্রশান্ত ভূষণ বড়ুয়া, ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বিষয়:আইনশৃঙ্খলা পরিস্থিতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…