বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলবেন সন্দীপ লামিচানে। আসর সামনে রেখে মঙ্গলবার বাংলাদেশে এসেছেন নেপালের এই স্পিনার। জানালেন, রাজশাহীর হয়ে বিপিএলে শিরোপা জেতার লক্ষ্য তার।
বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে রাজশাহী। অনুশীলন শেষে সংবাদমাধ্যমে কথা বলেন লামিচানে। দলের শক্তিমত্তা নিয়ে বলেছেন, ‘রাজশাহী স্বয়ংসম্পূর্ণ দল।’
নেপাল তারকা বলেছেন, ‘আমাদের দলে যে ধরণের সম্ভাবনা রয়েছে তা অসাধারণ। বিশেষ করে যখন আপনি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন, তখন স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাজশাহী ওয়ারিয়র্সে অনেক প্রতিভা আছে। আমি এদের অনেকের সাথেই আগে খেলেছি, তাই তাদের চিনি। আমরা সিলেটের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য পুরো দল বেশ রোমাঞ্চিত। দলের ভেতরের পরিবেশও এখন খুব ইতিবাচক।’
‘আমাদের টপ অর্ডার থেকে শুরু করে লোয়ার অর্ডার, সব জায়গাতেই ভারসাম্য আছে। স্পিনার, ফাস্ট বোলার- সব বিভাগে ভালো খেলোয়াড় আছে। নাজমুল (শান্ত) দলকে নেতৃত্ব দিচ্ছে, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ খেলোয়াড় আছে। বিদেশি খেলোয়াড়দেরও অনেক অভিজ্ঞতা আছে। সব মিলিয়ে এটি একটি স্বয়ংসম্পূর্ণ দল এবং সবাই শিরোপার জন্য নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।’
রাজশাহীর প্রধান কোচ হান্নান সরকারের চাওয়াতেই বিপিএলে খেলবেন লামিচানে। কোচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ‘আমি নেপাল প্রিমিয়ার লিগের ফাইনাল দেখছিলাম। তখন তিনি (হান্নান সরকার) আমাকে মেসেজ করে জিজ্ঞেস করেন আমি রাজশাহী ওয়ারিয়র্সে যোগ দিতে চাই কি না। কয়েক মিনিটের মধ্যেই আমরা সবকিছু চূড়ান্ত করে ফেলি। তিনি যেভাবে পুরো বিষয়টি সহজ করেছেন, তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ।’
শিরোপা জেতার আকাঙ্খার কথা জানিয়ে লামিচানে বলেন, ‘লক্ষ্য একটাই, ম্যাচ জেতা। এটিই সবচেয়ে সহজ লক্ষ্য। সেই সাথে দর্শকদের আনন্দ দেয়া এবং দলের জন্য পয়েন্ট অর্জন করা। সবার ভালোবাসার জন্য কৃতজ্ঞতা এবং আমরা দল হিসেবে ট্রফি জেতার চেষ্টা করব।’








