দীর্ঘদিন পর বড়পর্দায় লাক্সতারকা কুসুম সিকদার। তবে এবার অভিনয়শিল্পীর পাশাপাশি তিনি আসছেন ভিন্ন পরিচয়ে! এই প্রথম সিনেমা পরিচালনা করেছেন তিনি।
তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘শরতের জবা’। যা গেল শুক্রবার (১১ অক্টোবর) মুক্তি পেল স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে। দুর্গোৎসব উপলক্ষ্যে মুক্তি পাওয়া কুসুমের এই ছবিটি শুধু স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখাতে দৈনিক ১৬টি শো প্রদর্শনী করছে।
প্রতিদিনই কোনো না কোনো শো’তে দর্শকের সাথে বসে নিজের নির্মিত সিনেমাটি দেখছেন কুসুম। এরমধ্যে অভিনেত্রী সিনেমাটি দেখতে গিয়েছিলেন এসকে এস টাওয়ারের সিনেপ্লেক্সে। সেখানে তিনি মুখোমুখি হন সংবাদকর্মীদের। কথা বলেন, ‘শরতের জবা’র দর্শক প্রতিক্রিয়া নিয়ে।
এসময় কুসুম বলেন, বর্তমান পরিস্থিতিতে শুধু ‘শরতের জবা’ নয়, কোনো সিনেমা দেখতে দর্শক সিনেমা হলে আসবে কিনা- এ নিয়ে সত্যি সত্যি আমার আশঙ্কা ছিলো। কিন্তু শুক্রবার ‘শরতের জবা’ মুক্তির পর দর্শক সমাগম দেখে সেই আশঙ্কা কেটে গেছে। দর্শক ‘শরতের জবা’ দেখতে হলে আসছে। দর্শকের রেসপন্স দেখে আমি খুবই আনন্দিত।
‘শরতের জবা’ মুক্তির দিনেই দর্শক ‘শরতের জবা ২’ দেখতে চাইছিলেন বলেও এসময় জানান কুসুম। কুসুম বলেন, মুক্তির দিনে বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে যখন ‘শরতের জবা’ দেখে বের হচ্ছিলাম, তখন নিজ থেকে অনেককে জিজ্ঞেস করেছি ছবিটি কেমন লাগলো। দর্শকরা আলাদা করে অনেক কিছুর প্রশংসা করেছেন। সমালোচনা খুব কম করেছেন, হয়তো আমি নিজে জিজ্ঞেস করেছি বলে। তবে এরমধ্যে সবচেয়ে মজার ও একই সঙ্গে আনন্দের বিষয় হচ্ছে- তারা ‘শরতের জবা ২’ দেখতে চাইছেন। মুক্তির দিনেই এমনটা শোনা আমার জন্য বিশাল এচিভমেন্ট। এর উপর আর কী হতে পারে!
১১ অক্টোবর মুক্তি পেয়েছে ‘শরতের জবা’। এই দিনটি তার কাছে বিশেষ বলেও জানান কুসুম। তিনি বলেন,“১১ অক্টোবর আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ২০০২ সালের এই দিনে আমি ‘লাক্স আনন্দ ধারা মিস বাংলাদেশ ফটোজেনিক’-এর চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেই গ্র্যান্ড ফিনালে হয়েছিলো ১১ অক্টোবর। সেখানে একভাবে কুসুম সিকদারকে পেয়েছিলেন, ঠিক তার ২২ বছর পর একই দিনে আমার পরিচালিত, চিত্রনাট্য, প্রযোজিত ও অভিনীত সিনেমা ‘শরতের জবা’ মুক্তি পেল।”
নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স। ২০২১ সালের বইমেলায় কুসুম সিকদারের এই বইটি ‘অজাগতিক ছায়া’ তাম্রলিপি প্রকাশনী থেকে বের হয়েছিল।
একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প ‘শরতের জবা’। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন নানা সময়ে একেক প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোন শক্তি রয়েছে তার সাথে? এমন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে শরতের জবা।
কুসুম সিকদার ছাড়াও চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।








