আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন বিরাট কোহলি। ক্যারিয়ারের এ বেলায় অবশ্য ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না মহাতারকার। চলমান অস্ট্রেলিয়া সিরিজেও খুব একটা ছন্দে নেই। এরমধ্যেই রটেছে স্বপরিবারে ভারতের বাইরে নাকি স্থায়ী চলেছেন ৩৬ বর্ষী টপঅর্ডার ব্যাটার। তার শৈশবের কোচ রাজকুমার শর্মা এমন জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে রাজকুমার বলেছেন, ‘কোহলি-আনুশকা সন্তানদের নিয়ে লন্ডনে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছে। শিগগিরই ভারত ছেড়ে ওখানে স্থায়ী হবে। ক্রিকেট ছাড়া বাকি সময়টা কোহলি পরিবারের সঙ্গেই কাটাতে ভালোবাসে।’
এর মাঝেই কোহলির অবসর প্রসঙ্গে রাজকুমার বলেছেন, ‘বিরাট এখনো ফিট। অবসর নেয়ার মতো বয়স ওর হয়নি। আমার মনে হয় বিরাট আরও ৫ বছর খেলবে। অবশ্যই ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলবে। ২৬ বছর ধরে ওকে চিনি, এ জন্যই বলতে পারছি, ওর মধ্যে এখনো অনেক ক্রিকেট আছে।’
‘বিরাট ক্যারিয়ারের সেরা সময়ে আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করেছে। আমি বিশ্বাস করি, সামনের দুটি টেস্টে ও আরও দুটি সেঞ্চুরি করবে। ও সব সময় ক্রিকেট উপভোগ করে। বিরাটের ফর্ম উদ্বেগের কোনো বিষয় না। কঠিন পরিস্থিতিতে কীভাবে পারফর্ম করতে হয়, দলকে সাহায্য করতে হয়, সেটা ও জানে।’








