আনুষ্ঠানিকভাবে ডেনমার্কের সিংহাসনে বসেছেন রাজা দশম ফ্রেডরিক। রাণী মার্গারেট গত ১ জানুয়ারি রাণীর পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলে দশম ফ্রেডরিককে তার স্থলাভিষিক্ত করা হয়।
এনডিটিভি জানিয়েছে, দশম ফ্রেডরিকের মা মার্গারেট দীর্ঘ ৫২ বছর দায়িত্ব পালনের পর ক্রিশ্চিয়ানসবার্গ প্রাসাদ ত্যাগের ঘোষণা দেন। এরপর সিংহাসনের আরোহী হিসেবে দশম ফ্রেডরিকের নাম ঘোষণা করা হয়। তার রাজ্যভিষেকে ১ লক্ষেরও বেশি মানুষ উপস্থিত ছিল।
রাজ্যভিষেকের পর দশম ফ্রেডরিক জনতার উদ্দেশ্যে বলেন, আমার মা তার দেশের সাথে এক হয়ে উঠতে সফল হয়েছেন। আমার আশা তার ধারাবাহিকতা বজায় রাখা। এটা এমন একটি দায়িত্ব যা আমি সম্মান, গর্ব এবং আনন্দের সাথে গ্রহণ করি।
ডেনমার্কের ৯০০ বছরের ইতিহাসে এবারই প্রথমবার কোনো রাজা বা রাণী স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করেছেন। জীবিত অবস্থায় সিংহাসন ছাড়ার ঘটনা ডেনমার্কে খুবই বিরল। রানি দ্বিতীয় মার্গারেটের আগে ১১৪৬ সালে স্বেচ্ছায় সিংহাসন ছেড়েছিলেন রাজা তৃতীয় এরিক। ওই সময় রাজ দায়িত্ব ছেড়ে তিনি একটি মঠে যোগ দিয়েছিলেন।








