উজান থেকে নেমে আসা অব্যাহত পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতে আবারও বেড়ে গেছে কাপ্তাই হ্রদের পানি। এতে হ্রদের পানির স্তর বিপৎসীমায় পৌঁছানোয় কাপ্তাই বাঁধ দিয়ে প্রতি সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে।
সোমবার ২ সেপ্টেম্বর দুপুর থেকে বাঁধের ১৬টি জলকপাট খুলে ২ফুটের পরিবর্তে সাড়ে ৩ফুট করে পানি ছাড়া হচ্ছে বলে জানিয়েছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।
তিনি জানান, সকাল থেকে ১৬টি গেট দুই ফুট করে খোলা থাকলেও পানি বৃদ্ধির কারণে দুপুরের পর থেকে তা বৃদ্ধি করে সাড়ে ৩ ফুট খুলে দেওয়া হয়। এর আগে রাঙ্গামাটির কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেট ২ ফুট করে খুলে দিয়ে সেকেন্ডে ৩৯ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছিলো।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের আরও জানান, বৃষ্টিপাতের কারণে হ্রদের পানি বেড়ে যাওয়ায় সাড়ে ৩ ফুট করে গেট খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে পানি নিষ্কাশন হচ্ছে ৬৮ হাজার কিউসেক। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এতে ছাড়া হচ্ছে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি।








