আগামী ৬ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে কঙ্গনা রানাউত অভিনীত, পরিচালিত ও প্রযোজিত ছবি ‘ইমার্জেন্সি’র। কিন্তু মুক্তির ৫ দিন আগেও মুক্তি সংক্রান্ত জট এখনও কাটেনি। সেন্সর বোর্ড নাকি কিছুতেই ছাড়পত্র দিতে চাইছে না, দাবি করেছেন সাংসদ-অভিনেত্রী।
ইতিমধ্যেই বেশ কিছু শিখ সংগঠন ছবিটিকে নিয়ে আপত্তি জানিয়েছে। সমাজের একটা অংশ এই ছবি বয়কটেরও ডাক দিয়েছে। এই সব অনিশ্চয়তার মাঝেই না কি পরবর্তী ছবির প্রস্তুতি শুরু করে দিয়েছেন কঙ্গনা? গুঞ্জন উঠেছে কঙ্গনা নাকি তার পরবর্তী ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন! কিন্তু সত্যিই কি তাই? তারই জবাব দিয়েছেন অভিনেত্রী।
২০২১ সালে মুক্তি পেয়েছিল কঙ্গনার ছবি ‘থালাইভি’। যেখানে তাকে দেখা গিয়েছিল জয়ললিতার চরিত্রে। যদিও বক্স অফিসে তেমন সাফল্যের মুখ দেখতে পায়নি সে ছবি। তবে সম্প্রতি প্রশ্নের মুখে পড়েন কঙ্গনা। যেখানে তাকে প্রশ্ন করা হয়, মমতা নাকি মায়াবতী কার চরিত্রে অভিনয় করতে চাইবেন তিনি? এই প্রসঙ্গে কঙ্গনা বলেন, “আমি এদের বেছে নিয়েছি, তেমন নয়। এই চরিত্রগুলো আমাকে বেছে নিয়েছে। আমি ইন্দিরা গান্ধীর চরিত্রেও অভিনয় করেত চাইনি। একটা জাগতিক শক্তি যেন কাজটা করিয়ে নিল।”
তবে কি এবার বিজেপি সাংসদকে পর্দায় দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে! না কি তিনি বেছে নেবেন সমাজবাদী পার্টির মায়াবতীকে! কঙ্গনার কথায়, “একজন শিল্পীর কাছে কোন চরিত্রই কঠিন নয়। তবে মনে হয় একজন নেত্রী হিসেবে আমি মায়াবতীর চরিত্রেই অভিনয় করতে চাইব।”
যদিও এসবের মধ্যে নিজের ছবি ‘ইমার্জেন্সি’-র জন্য লড়াই করবেন ও শেষ দেখে ছাড়বেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তার কথায়, “এবার সত্যিই দেরি হচ্ছে। ছবির শংসাপত্র যেন নির্দিষ্ট সময়ের মধ্যেই আসে। না হলে, আমি এটার জন্য লড়াই করবই। ছবি মুক্তির জন্য আমি আদালত পর্যন্ত যেতে পারি। আমি আমার অধিকার রক্ষা করবই। ভয় দেখিয়ে ইতিহাস কেউ বদলাতে পারবে না।”- হিন্দুস্থান টাইমস








