ইউরোপের সেরা পাঁচ লিগের মধ্যে চলতি মৌসুমে এপর্যন্ত খেলা সব ম্যাচে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ক্লাবের মতোই অপ্রতিরোধ্য ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। ১২ ম্যাচে ২০ বার প্রতিপক্ষ জালে বল জড়িয়েছেন। গোলের হার বিবেচনায় এতো ভালো মৌসুম শুরু করেননি লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোও।
ক্লাব ফুটবলে দুর্দান্ত ছন্দে থাকা বায়ার্ন বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ঘরে বেলজিয়ামের ক্লাব ব্রুগেকে হারিয়েছে ৪-০ ব্যবধানে। বায়ার্ন তাতে পেয়েছে ১২ ম্যাচে ১২ জয়, সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের পূর্ণ ৯ পয়েন্ট।
কেন দুই মহাতারকা রোনালদো ও মেসির পুরো ক্যারিয়ারের ভালো মৌসুম শুরুর পরিসংখ্যানকে পেছনে ফেলেছেন। রোনালদো দীর্ঘ ক্যারিয়ারের ২০১৪-১৫ মৌসুমের শুরুতে ২০ গোল পেতে খেলছিলেন ১৩ ম্যাচ। যা তার ক্যারিয়ারসেরা। মেসি অবশ্য ১৭ ম্যাচ না খেলে মৌসুমের শুরুতে পাননি ২০ গোল। তিনি এমন ১৭ ম্যাচে ২০ গোল করেছেন ক্যারিয়ারের তিন মৌসুমে।
বুন্দেসলিগায় জার্মান ক্ল্যাসিকো খ্যাত বায়ার্ন-বরুশিয়া ডর্টমুন্ড ম্যাচে কেন চলতি মৌসুমের ১৯তম গোলটি করেছিলেন। লিগের সবশেষ ম্যাচে বায়ার্ন জিতেছিল ২-১ ব্যবধানে।
স্বদেশি ক্লাব ব্রুগেকে হারানোর পর বেলজিয়ান কোচ ভিনসেন্ট কোম্পানি বলেছেন, ‘হ্যারি কেন উন্নতি করছে। এমনকি তিনি সবার চেয়ে সেরাটাই দেখিয়েছেন। মেসি ও রোনালদো নিজেদের এমন উচ্চতায় রেখেছেন, সেক্ষেত্রে কেনের এভাবে গোল করাটা স্বাভাবিক। তিনি যা করে দেখিয়েছেনও।’
কেন সম্প্রতি ক্লাব ক্যারিয়ারে ৪০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন। এখন তার গোলসংখ্যা ৪১০। বায়ার্নের হয়ে এপর্যন্ত ১০৫ গোল করলেও বেশি গোল করেছেন টটেনহ্যাম হটস্পারের হয়ে। ইংলিশ ক্লাবটির হয়ে ২৮০ গোল করে এসেছেন কেন।








