গলে সিরিজের দ্বিতীয় টেস্টে লঙ্কান পরীক্ষায় অসহায় নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার নেয়া ৬ শতাধিক রান সামনে রেখে নেমে শতরানের আগেই গুটিয়ে গেছে কিউইবাহিনী। ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে নেমে ইতোমধ্যে ৫ উইকেট হারিয়েছে তারা। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা সংগ্রহ স্পর্শ করতে এখনও বাকী তিন শতাধিক রান। অর্থাৎ, ইংনিস ব্যবধানে হার এড়াতে ‘অবিশ্বাস্য’ কিছু করতে হবে কিউইদের। আর শ্রীলঙ্কার দরকার কেবল ৫ উইকেট।
গলে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ১৬৩.৪ ওভার ব্যাট করে ৫ উইকেটে ৬০২ রান তুলে ইনিংস ছেড়েছে ধনঞ্জয়া ডি সিলভার দল। সেঞ্চুরি পেয়েছেন তিন ব্যাটার- দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস।
নিজেদের প্রথম ইনিংসে নেমে ৩৯.৫ ওভার ব্যাট করে ৮৮ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ৫১৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ৪১ ওভার ব্যাট করে ৫ উইকেটে ১৯৯ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে কিউই বাহিনী। ৩১৫ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন ব্যাটে নামবে নিউজিল্যান্ড। ক্রিজে আছেন ৪৭ রান করা টম ব্লান্ডেল ও ৩২ করা গ্লেন ফিলিপস।
দ্বিতীয় দিনের শেষ সেশনে নিউজিল্যান্ডকে ব্যাটে পাঠায় শ্রীলঙ্কা। ১৪ ওভার ব্যাট করে ২ উইকেটে ২২ তুলে দিন শেষ করে তারা। তৃতীয়দিন মধ্যাহ্ন বিরতির আগেই গুটিয়ে যায়। যোগ করে কেবল ৬৬ রান। কিউইদের ৮৮ রানে থামানোর নেপথ্যে ৬ উইকেট নেন প্রবাধ জয়সুরিয়া। নিশান পেইরিস নেন ৩ উইকেট।
ফলো-অন এড়াতে না পারায় সফরকারীদের দ্বিতীয় ইনিংসে ব্যাটে পাঠায় শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষের আগে ৫ উইকেটে ১৯৯ রান তুলেছে তারা। ফিফটি পেয়েছেন ডেভন কনওয়ে। ৬২ বলে ৬১ রান করে আউট হয়ে যান এই ওপেনার। ৫৮ বলে ৪৬ রান করেন কেন উইলিয়ামসন।
দ্বিতীয় ইনিংসে দিনের খেলা শেষে লঙ্কানদের হয়ে তিনটি উইকেট নেন নিশান। প্রবাথ ও ধনাঞ্জয়া ডি সিলভা একটি করে উইকেট নেন।








