বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে ভারতের প্রেস ক্লাব অব ইন্ডিয়া এবং বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে আয়োজন করছে ‘ঢাকাই কাচ্চি বিরিয়ানি ফেস্টিভাল’। এই বিশেষ অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে থাকবে ঐতিহ্যবাহী ঢাকাই কাচ্চি বিরিয়ানি, যা বাংলাদেশের খাবার সংস্কৃতির এক অন্যতম প্রতীক।
ফেস্টিভালটি আগামী ২৭ মার্চ (শুক্রবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে শুরু হবে প্রেস ক্লাব অব ইন্ডিয়ার প্রাঙ্গণে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, কূটনীতিক এবং সদস্যদের জন্য প্রথম আসলে প্রথম পরিবেশন ভিত্তিতে বিরিয়ানি পরিবেশন করা হবে।

পোস্টারে প্রকাশিত ছবিতে দেখা যায়, সুস্বাদু ঢাকাই কাচ্চি বিরিয়ানিতে মাংসের বড় টুকরো, আলু, সোনালি ভাত, জিরা, দারচিনি, লবঙ্গসহ বিভিন্ন মশলার সুবাস মিশে রয়েছে সঙ্গে রয়েছে রায়তা। এই খাবারটি বাংলাদেশের বিশেষ করে ঢাকার ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানির স্বাদকে তুলে ধরে।
এই অনুষ্ঠানের মাধ্যমে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করার প্রয়াস করা হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা দিবসের এই উদযাপনে খাবারের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়ের এক অনন্য উদাহরণ স্থাপিত হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।








