নেপালকে বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচ কাবাডি টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। পল্টন ময়দানে সিরিজের চতুর্থ ম্যাচে ৪৯-২৪ পয়েন্টে হারিয়েছে নেপালকে।
প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে নেপালের কাছে ৪৫-৪২ পয়েন্টে হেরে যায় লাল সবুজের দল। তৃতীয় ম্যাচে ৪২-৩৭ পয়েন্টে নেপালকে হারিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ ম্যাচে দারুণ ভাবেই সফরকারীদের পরাস্ত করেছে মিজানুর রহমানের দল।
ম্যাচের শুরু থেকে ছন্দে ছিল বাংলাদেশ। ছয় মিনিটে প্রথম লোনা পায়। তিন মিনিট পর দ্বিতীয় লোনা পেয়ে ম্যাচে আরও এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে ১৩ পয়েন্টের ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। ৩১ পয়েন্ট ছিল বাংলাদেশের। আর নেপালের সংগ্রহে ছিল ১৮ পয়েন্ট।
দ্বিতীয়ার্ধেও দারুণ করে বাংলাদেশ। স্বাগতিকরা শুরুতে আরও দুইটি লোনা পাওয়ায় অনেক পিছিয়ে যায় নেপাল। সেখান থেকে আর খেলায় ফিরতে পারেনি তারা।
খুব সহজেই ম্যাচ নিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।
ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মিজানুর রহমান। তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক দুই খেলোয়াড় আমির হোসেন পাটোয়ারী ও সুবিমল চন্দ্র দাস।
আগামী শুক্রবার পঞ্চম ও শেষ ম্যাচে নামবে দুদল।







