ওয়েস্ট ইন্ডিজ সফরে সমীকরণ ছিল সহজ। সিরিজ জিতলে সরাসরি বিশ্বকাপে যেতে পারত নিগার সুলতানা জ্যোতির দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে কাজটা এগিয়ে রেখেছিল টিম টাইগ্রেস। শেষ ম্যাচে হেরে সরাসরি বিশ্বকাপে যাওয়া হয়নি বাংলাদেশের। মেয়েদের ওয়ানডে চ্যাম্পিয়নশিপে সাত নম্বরে থেকে বাংলাদেশ চলে যায় বাছাইপর্বের জটিলতায়।
পাকিস্তানের মাটিতে বুধবার থেকে শুরু হচ্ছে বাছাইপর্ব। ভারতের মাটিতে চলতি বছরের নভেম্বরে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৬ দলের বাছাইপর্ব শেষে সেখানে জায়গা করে নেবে দুই দল। এখানেই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে অপেক্ষা করছে শক্ত দুই প্রতিপক্ষ।
রাউন্ড রবিন লিগ পদ্ধতির বাছাইপর্বে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। বাছাইপর্বে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের সামনে আছে সেই ওয়েস্ট ইন্ডিজ, সঙ্গে যোগ হয়েছে পাকিস্তান-আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ড।
আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ তারিখ। প্রতিপক্ষ থাইল্যান্ড। ১৩ এপ্রিল প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ১৫ তারিখে স্কটল্যান্ড, ১৭ তারিখে ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে নামবেন জ্যোতি-নাহিদারা।







