মৌসুমে শুরুর আগে বন্ধুত্বপূর্ণ প্রীতি ম্যাচে নিজেরদের ঝালিয়ে নিচ্ছে ক্লাবগুলো। এমন ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে মাঠে নেমে সহজ জয় তুলেছে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ী দল রিয়াল মাদ্রিদ। জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে শুরু থেকেই বল দখলে রাখে আক্রমণ অব্যাহত রাখে আনচেলত্তির শিষ্যরা। সেই চাপ সামলাতে গিয়ে ভুল করে বসে জুভেন্টাস রক্ষণ। পেনাল্টি পায় রিয়াল। ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন করিম বেনজেমা। এরপর একাধিক বার আক্রমণে গিয়েও আর গোল করতে পারেনি কোনো দল। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে রিয়াল।
দ্বিতীয়ার্ধে নেমেও জুভেন্টাসের রক্ষণের পরীক্ষা নিতে থাকে আনচেলত্তি শিষ্যরা। তবে জুভেন্টাসের রক্ষা প্রাচীর ভেদ করতে সময় লাগছিল। ম্যাচের ৬৯ মিনিটে ভাঙে সেই প্রাচীর। মার্কো আসেন্সিওর গোলে ব্যবধান দ্বিগুণ হয়। পিছিয়ে পড়ে খেলায় ফেরার চেষ্টা চালাতে খুব একটা দেখা যায়নি জুভেন্টাসকে।
উল্টো আক্রমণ ঠেকাতেই বেশি ব্যস্ত থাকতে হয়েছে তাদের। ম্যাচের বাকি সময় একাধিকবার চেষ্টা চালিয়েও জালের ঠিকানা খুঁজে পায়নি রিয়াল ফুটবলাররা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।








