গ্রেপ্তার হয়েছেন মার্কিন পপ তারকা ও অভিনেতা জাস্টিন টিম্বারলেক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হ্যাম্পটনে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালত তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেন।
জানা গেছে, মদ্যপ অবস্থায় পুলিশের সিগন্যাল অমান্য করে ভুল লেনে গাড়ি চালিয়েছিলেন জাস্টিন টিম্বারলেক। শুক্রবার মার্কিন আদালতে তার এই অপরাধ প্রমাণিত হলে দোষী সাব্যস্ত করে বিচার বিভাগ। ১০ বারের গ্র্যামিজয়ী এ তারকাকে করা হয় মোটা অঙ্কের জরিমানা। নিউ ইয়র্কের সাগ হারবার ভিলেজ বিচারপতি কার্ল ইরে টিম্বারলেককে ৫০০ ডলার জরিমানা করেন।
এছাড়াও সারচার্জ হিসেবে গায়ককে পরিশোধ করতে হবে আরও ২৬০ ডলার। শুধু তাই নয়, ২৫ ঘণ্টার জন্য যেকোনো সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত না থাকারও নির্দেশ দেওয়া হয়েছে এই শিল্পীকে। এ শাস্তি মেনে নিয়ে আদালত থেকে বের হয়ে সংবাদমাধ্যমে কথা বলেন টিম্বারলেক।
অপরাধ স্বীকার করে এই গায়ক বলেন, ‘আমার ভুলের জন্য অনুতপ্ত, কিন্তু আমি আশা করছি যে এই মুহূর্তে যাঁরা আমাকে দেখছেন এবং শুনছেন তারা এই ভুল থেকে শিক্ষা নেবেন। যদি মদ্যপ অবস্থায় থাকেন, তাহলে গাড়ির স্টিয়ারিংয়ে বসা উচিত নয়। এমন পরিস্থিতিতে আরও অসংখ্য পথ আছে, একজন বন্ধুকে কল করতে পারেন অথবা উবার নেওয়া যেতে পারে।’
গত ১৮ জুন মধ্যরাতে এক হোটেল থেকে বেরিয়ে পুলিশের সিগন্যাল অমান্য করে ভুল লেনে গাড়ি চালাচ্ছিলেন টিম্বারলেক। পথিমধ্যে তার বিএমডব্লিউ আটকে দেয় পুলিশ। এ ঘটনার পরই টিম্বারলেকের নিউ ইয়র্কের ড্রাইভিং লাইসেন্স স্থগিত করা হয়।- দ্য গার্ডিয়ান








