‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫’ এর চারটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করা রিটটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দিয়েছেন হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের ৩, ৪, ৬ ও ৯ ধারার বৈধতা প্রশ্নে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজমল হোসেন গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন। সে রিটটি আজ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য আসে। তবে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ‘আমি এখানে পক্ষ। কাউন্সিলের সদস্য হিসেবে সভায় ছিলাম। তাই আবেদনটি শুনতে পারছি না।
এ সময় সিনিয়র আইনজীবী আহসানুল করিম বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানোর কথা বলেন। এরপর হাইকোর্ট বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, আহসানুল করিম ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তি বাছাই করে প্রধান বিচারপতি কর্তৃক রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫’ শিরোনামে অধ্যাদেশ গত ২১ জানুয়ারি গেজেট আকারে জারি করে আইন মন্ত্রণালয়।








