কক্সবাজার সমুদ্র সৈকতের গল্ফ মাঠ এলাকা সংলগ্ন ঝাউবন থেকে মোহাম্মদ আমিন নামে এক সংবাদকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর সকালে সৈকতের লাইফগার্ড কর্মীরা ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন।
খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, মরদেহটি উদ্ধার করে পুলিশ মর্গে পাঠিয়েছে। তার পকেটে চট্টগ্রাম-কক্সবাজার রুটের মারসা যাত্রীবাহী একটি বাসের টিকিট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে গতকাল বুধবার রাতে মারসা গাড়িতে করে চট্টগ্রাম থেকে কক্সবাজারে এসেছেন তিনি।
নিহত মোহাম্মদ আমিন দুই শিশু সন্তানের জনক। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের মৃত জুনু মিয়ার পুত্র।
মোহাম্মদ আমিন “প্রাণের বাংলাদেশ” নামে একটি দৈনিকে উখিয়া প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তবে তিনি পেশায় একজন এনজিও কর্মী। তিনি রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ফ্রেন্ডশিপ নামের এনজিওতে কর্মরত ছিলেন।
নিহতের ছোট ভাই হিরু স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, গত দুইদিন ধরে মোহাম্মদ আমিন ঘরের বাইরে ছিলেন।
মোহাম্মদ আমিন এক সপ্তাহ আগে তাকে হুমকি দেয়া হচ্ছে বলে জানিয়ে ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ।








