সাংবাদিককে পুলিশের কার্যালয়ে তলবের ঘটনায় ডিইউজে’র নিন্দা

ঢাকা সাংবাদিক ইউনিয়নের অফিসিয়াল লোগো, কেন্দ্রীয় সংগঠনের পরিচয় বোঝায়।. Channel i News – চ্যানেল আই নিউজ
সংবাদ প্রকাশের জেরে দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক কাজী সোহাগকে তলবের ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
আজ শুক্রবার (৫ এপ্রিল) ডিইউজে’র সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. নাজিম উদ্দিন আল আজাদ কর্তৃক কাজী সোহাগকে হাজির হওয়ার নোটিশ দেয়ার ঘটনায় এ নিন্দা জানান।
তারা বলেন, কাজী সোহাগকে সংবাদ প্রকাশের জেরে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার এর কার্যালয়ে হাজির হওয়ার নোটিশ স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি। এ ধরনের নোটিশ অত্যন্ত দুঃখজনক এবং মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার পরিপন্থী।
নেতৃবৃন্দ বলেন, প্রতিবেদন প্রকাশের জেরে পুলিশ প্রশাসন কোনো সাংবাদিককে এভাবে তলব করতে পারে না। তারা কর্তৃপক্ষ বা আদালত নন। এটি অগ্রহণযোগ্য।
সংশ্লিষ্টদের এ নোটিশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান নেতারা।






