জার্মানির গোথেনবার্গে বিশ্বচ্যাম্পিয়নশিপে ঠিক এইদিনে, ১৯৯৫ সালে ট্রিপল জাম্পে বিশ্বরেকর্ড গড়েছিলেন জনাথন এডওয়ার্ডস। ইংলিশ জাম্পারের রেকর্ডটি ১৮.২৯ মিটারের। যেটি এখনও অক্ষত। ইতিহাসে ১৮ মিটার জাম্প ছুঁতে পেরেছেন ৭ জন ট্রিপল জাম্পার। ৫৯ বর্ষী জনাথন বলছেন, ‘রেকর্ডটি ৩০ বছর ধরে অক্ষত থাকাটা অ্যাথলেটিকসের জন্য ভালোকিছু নয়।’
গোথেনবার্গে সেদিন জনাথনের আগে কেউ লিগ্যাল উইন্ড কন্ডিশনে ১৮ মিটারের বেশি লাফ দিতে পারেননি। প্রথম দুই রাউন্ডেই সেদিন ১৮ মিটার ছুঁয়েছিলেন তিনি। প্রথম রাউন্ডে তার লাফ ছিল ১৮.১৬ মিটারের। তার ২০ মিনিট পর আরও ১৩ সেমি লাফের ব্যাপ্তি বাড়ান।
জনাথনের রেকর্ডের কাছাকাছি আসতে পেরেছিলেন আমেরিকার ট্রিপল জাম্পার ক্রিস্টিয়ান টেইলর। সেটিও ১০ বছর আগে। চলতি বছরের সর্বোচ্চ জাম্পটি ১৭.৮০ মিটারের। গতবছরের অলিম্পিকে স্বর্ণজয়ী জাম্পটি ছিল ১৭.৮৬ মিটারের।
জনাথন বলছেন, ‘একটা রেকর্ড করে রেখেছি যা ৩০ বছর কেউ টপকাতে পারেনি। মনে করি খেলা হিসেবে অ্যাথলেটিকসে এটা কোন ভালো বার্তা নয়। ক্রীড়াবিজ্ঞান,পুষ্টিতত্ত্ব ও ট্রেনিংয়ে এখন উন্নতি হলেও মনে করি যে, এখন জাম্পিং ক্যারিয়ারের জন্য ভালো খেলা নয়।’
গোথেনবার্গে পদকজয়ী প্রতিপক্ষ জাম্পাররা জনাথনের সেদিনের রেকর্ডের স্মৃতি নিয়ে বলেছেন, ‘সেদিন জনাথন যা করেছেন, তা অসাধারণ। ভয় উৎকণ্ঠা দেখিনি তার মধ্যে। যদিও নিজেকে জাম্পার হিসেবে নয়, স্প্রিন্টারই ভাবেন তিনি।’
অ্যাথলেটিকসে এপর্যন্ত সবচেয়ে বেশিসময় ধরে বিশ্বরেকর্ড অক্ষত আছে হ্যামার থ্রোতে। সর্বোচ্চ ৮৬.৭৪ মিটার হ্যামার থ্রো করেছিলেন ১৯৮৬ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের অ্যাথলেট উইরি সেদিখ।








