এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নারী কর্মীদের মানসিক স্বাস্থ্য ও সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে বিশেষ গ্রুপ সেশনের আয়োজন করেছে এশিয়াটিক থ্রি-সিক্সটির নারী কর্মীদের প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’।
গ্রামীণ হেলথটেক লিমিটেডের ই-হেলথকেয়ার প্ল্যাটফর্ম ‘সুখী’র যৌথ সহযোগিতায় মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বনানীর ‘বাতিঘর আর্ট স্পেস’- এ সেশন অনুষ্ঠিত হয়।
সেশনে ‘হার এশিয়াটিক সার্কেল’-এর প্রায় ৩০ জন নারী কর্মী অংশ নেন।
নারী কর্মীদের সৃজনশীল, পেশাগত ও ব্যক্তিগত বিকাশে সহযোগিতা করতে এশিয়াটিক থ্রি-সিক্সটি ‘হার এশিয়াটিক সার্কেল’ প্ল্যাটফর্মটি চালু করেছে। বর্তমান ও সাবেক নারী সহকর্মীদের নিয়ে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মের মাধ্যমে সহযোগিতা, দক্ষতা বিনিময় ও মেন্টরশিপের সুযোগ তৈরি করা হয়।
অনুষ্ঠানে ‘সুখী’র বিশেষজ্ঞরা আচরণগত পরিবর্তনের মাধ্যমে মানসিক চাপ বা স্ট্রেস নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি হালকা শারীরিক ব্যায়ামের মাধ্যমে দৈনন্দিন জীবনে মানসিক চাপ মোকাবিলা এবং মানসিক সুস্থতা বজায় রাখার বিভিন্ন পদ্ধতি তুলে ধরা হয়।
‘সুখী’র ক্লিনিক্যাল ম্যানেজার ডা. সাদিয়া ইফফাত আনাম বলেন, নারীদের জীবনে পেশাগত ও ব্যক্তিগত, দুই দিকই সামলাতে হয়। তাই এ দু’ক্ষেত্রেই ভারসাম্য বজায় রাখতে নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।
সেশন শেষে অংশগ্রহণকারীদের মধ্যে উন্মুক্ত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়। পরে হালকা আপ্যায়নের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।
আয়োজকরা জানান, ‘হার এশিয়াটিক সার্কেল’-এর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এই সেশনের মাধ্যমে নারী কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হয়েছে। একই সঙ্গে মানসিক ও সামগ্রিক সুস্থতা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং আত্মযত্নের বিষয়ে নারী কর্মীদের উৎসাহিত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।










