‘অ্যাভাটার টু’ নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। তবুও কিছুটা দুশ্চিন্তায় আছেন নির্মাতা জেমস ক্যামেরন। জানালেন, শুধু মূলধন তুলে আনতেই ছবিটির আয় করতে হবে ২ বিলিয়ন ডলার!
করোনাকালের পরে সিনেমাহলগুলোতে বেশিরভাগ সিনেমা ব্যবসা করতেই হিমশিম খেতে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জেমস ক্যামেরন জানিয়েছেন, সিনেমাটি তৈরি করতে দীর্ঘ সময় লেগে যাওয়ায় বাজেটও অনেক বেড়ে গেছে। ফলে ব্যবসায় প্রভাব পড়তে পারে। বক্স অফিস নিয়ে চাপে আছেন বলে জানালেন নির্মাতা।
ছবির বাজেট কত তা জানাননি জেমস ক্যামেরন। তবে সাক্ষাৎকারে বলেছেন, ‘সিনেমাটির মূলধন তুলে আনতেই আয় করতে হবে ২ বিলিয়নের বেশি ডলার।’
২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার’। ২০১৮ সালে ঘোষণা দেয়া হয়েছিল ২০২২ সালের ১৬ ডিসেম্বর এই ছবির দ্বিতীয় কিস্তি আসছে। ২০২৪ সালের ২০ ডিসেম্বর এই ছবির তৃতীয় কিস্তি মুক্তি পাবে। ২০২৬ সালের ১৮ ডিসেম্বর আসবে চতুর্থ কিস্তি এবং ২০২৮ এর ২২ ডিসেম্বর আসবে পঞ্চম কিস্তি।
বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী সিনেমা ‘অ্যাভাটার’। কল্পকাহিনী নির্ভর লাইভ অ্যাকশন ছবি ‘অ্যাভাটার টু’তে থাকছেন কেট উইন্সলেট, জো সালদানা, সিগোর্নি ওয়েভার, স্যাম ওরদিংটন, স্টিফেন ল্যাং, মিশেল রড্রিগেজ ও ওনা চ্যাপলিন।
সূত্র: হিন্দুস্তান টাইমস







