শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। সেই ম্যাচে একাদশে ছিলেন না জামাল, লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছিল ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরীর। সেদিন জামালের জায়গায় খেলেছিলেন লেস্টার সিটিতে খেলা মিডফিল্ডার হামজা। সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে প্রতিযোগিতা আরও বেশি। জামাল চান অন্তত ১০ মিনিট হলেও খেলতে। তবে যারাই সুযোগ পাবেন, সেরাটা দিতে অনুপ্রাণিত করবেন অধিনায়ক।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশের মুখোমুখি হবে সিঙ্গাপুর। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে মাঠের লড়াই।
২০১৩ সাল থেকে বাংলাদেশের জার্সিতে খেলছেন প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে ডেনমার্ক থেকে আসা জামাল। এ সময়ে দলের ভরসার নামও হয়ে ওঠেন ৩৫ বর্ষী মিডফিল্ডার। তবে সাম্প্রতিক সময়ে ফিটনেস, ছন্দ, সবমিলিয়ে ৯০ মিনিট তাকে খেলানো নিয়ে বেশ ভাবেন কোচ হাভিয়ের ক্যাবরেরা।
ভারতের বিপক্ষে জামালকে না খেলালেও ভুটানের বিপক্ষে ঘরের মাঠে প্রীতি ম্যাচে হামজার সঙ্গে মাঝমাঠে ছিলেন জামাল। সিঙ্গাপুরের বিপক্ষে হামজার পাশাপাশি কানাডা জাতীয় দলে খেলা সামিত সোমকেও পাচ্ছেন কোচ। এ ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হওয়ার কথা সামিতের। মাঝমাঠে হামজা-সামিত থাকলে জামালের শুরুর একাদশে সুযোগ পাওয়া বেশ কঠিন।
বাস্তবতা মেনে জামাল বলছেন, ‘আমি একজন খেলোয়াড়, সবসময় খেলতে চাই। যদি ১০ মিনিট হয় অথবা ৬০ মিনিট হয়, যতটা সময় পাই না কেন খেলতে চাই। এটাই আমার কাজ, কাজটা করতে না পারলে বেদনাদায়ক। কিন্তু দিন শেষে দল আগে। যারা খেলবে তাদের শুভ কামনা জানাব। তাদের অনুপ্রাণিত করব সেরাটা দিতে।’








