চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শনিবার (২ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট বাইপাস সার্জারি করা হবে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান।
তিনি বলেন, আমিরে জামায়াতের দ্রুত আরোগ্য কামনায় দেশ-বিদেশে অবস্থানরত নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণ নফল সালাত, রোজা এবং দান-সদকার মাধ্যমে দোয়া করবেন—এ আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে মসজিদে দোয়া আয়োজনের মাধ্যমে আল্লাহর দরবারে প্রিয় রাহবারের সফল অস্ত্রোপচার ও সুস্থতা কামনা করুন, যাতে তিনি পূর্ণ সুস্থ হয়ে দ্বিনের ময়দানে ফিরে আসতে পারেন।
ডা. শফিকুর রহমান বর্তমানে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং কিছুদিন চিকিৎসা শেষে ছাড়পত্র মিললেও নিয়মিত ফলোআপে ছিলেন।
সাম্প্রতিক ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে গত মঙ্গলবার (২৯ জুলাই) তার এনজিওগ্রাম করা হলে হৃদপিণ্ডের তিনটি প্রধান ধমনীতে জটিল ব্লকেজ ধরা পড়ে, যা বিবেচনায় রেখে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।








