মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়িয়েছে ডাচ-বাংলা বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। খেলা উপভোগ করতে স্টেডিয়ামে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিসিবি অফিসের সামনে তাকে অভ্যর্থনা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
মিরপুরে দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। খেলা সরাসরি দেখাচ্ছে ডিজিটাল প্লাটফর্ম আইস্ক্রিন, ধারাভাষ্য প্রচার করছে রেডিও ভূমি।
বুধবার টসের পর মাঠে আসেন আমিনুল হক। বিসিবি সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
খানিক বাদে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান আসেন মাঠে। তাকে অভ্যর্থনা জানান আমিনুল। এসময় বিসিবি কর্তারাও উপস্থিত ছিলেন।
দীর্ঘ চারমাস বিরতির পর ওয়ানডে ফরম্যাটে মাঠে নেমেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে ফিল্ডিং নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।








