টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পর অবসরের ধুম পড়েছে ভারতীয় দলে। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলির পর তৃতীয়জন হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিকে বিদায় বলে দিলেন স্পিন-অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। বিশ্বকাপ জয়ের পরেরদিন ঘোষণা এসেছে অবসরের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৫ বর্ষী জাদেজা লিখেছেন, ‘কৃতজ্ঞতাপূর্ণ হৃদয়ে, আমি আন্তর্জাতিক টি-টুয়েন্টিকে বিদায় জানাচ্ছি। গর্বের সাথে ছুটে চলা এ যাত্রায়, আমি সবসময় আমার দেশের জন্য আমার সেরাটা দিয়েছি এবং অন্যান্য সংস্করণেও তা অব্যাহত রাখব।’
‘টি-টুয়েন্টি বিশ্বকাপ জয় করা আমার স্বপ্ন ছিল যা সত্যি হয়েছে, যা আমার ক্যারিয়ারে একটি বড় পালক যোগ করেছে। আপনাদের সমর্থন, স্মৃতির জন্য ধন্যবাদ।’
টি-টুয়েন্টিতে জাদেজা ৭৪ ম্যাচ খেলে ৪১ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। যার মধ্যে অপরাজিত ছিলেন ১৭ ইনিংসে। রান করেছেন ৫,১৫, সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ৪৬ রানের। উইকেট নিয়েছেন ৫৪টি। টি-টুয়েন্টিকে বিদায় বললেও অন্য দুই সংস্করণে খেলবেন এ বাঁহাতি।








