দেশব্যাপী দীর্ঘ ১০ মাস ধরে বাছাইপর্ব এবং স্টুডিও পর্ব শেষে সেরা ৬ বাংলাবিদকে নিয়ে আয়োজিত হচ্ছে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ প্রতিযোগিতা। কে হবেন এবারের সেরা বাংলাবিদ আর কে পাবেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি, জানা যাবে শুক্রবার (১৮ এপ্রিল)।
এদিন রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের মহোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছেন, দেশজুড়ে ৯টি অঞ্চলের বাছাই পরীক্ষা এবং ১৯টি স্টুডিও পর্বের জমজমাট প্রতিযোগিতার মাধ্যমে দেশব্যাপী লক্ষাধিক শিক্ষার্থী থেকে বাছাই করে নেওয়া হয় শীর্ষ ছয় প্রতিযোগীকে
চূড়ান্ত পর্যায়ের সেরা ৬ বাংলাবিদ হলেন বরিশালের আদিবা মহসিন, সিলেটের প্রিয়ন্তি দাশ প্রান্তি, চট্টগ্রামের রশ্মি তুলতুল চৌধুরী, খুলনার সানিয়ান শুভ্র বিশ্বাস, ঢাকার রিফা তাসনিয়া, চট্টগ্রামের অভিষেক দাশ। যারা লড়বে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।
ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের মহোৎসবটি সরাসরি সম্প্রচারিত হবে চ্যানেল আইয়ে, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে। পাশাপাশি লাইভ দেখা যাবে ইস্পাহানি মির্জাপুর ফেসবুক পেজে।
মহোৎসবের সেরা ৬ বাংলাবিদের মধ্যে শীর্ষস্থান অধিকারী জিতে নেবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী জিতে নেবে যথাক্রমে ৩ লাখ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি।
এ ছাড়া প্রথম ১০ জন প্রতিযোগী পাচ্ছে একটি ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।
নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননকে শাণিত করা এবং বাংলাকে হৃদয়ে ধারণ করানোর উদ্দেশ্যে ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় চ্যানেল আইয়ে প্রচারিত হয়ে আসছে প্রতিযোগিতাটি।








