ব্যক্তিগত উদ্যোগে চাঁদে পাঠানো জাপানের প্রথম চন্দ্রমিশন বিধ্বস্ত হয়েছে। টোকিওভিত্তিক কোম্পানি ‘আইস্পেস’ চন্দ্র পৃষ্ঠে একটি মহাকাশযান অবতরণ করার সাহসী প্রচেষ্টা চালিয়েছিল। জাপানি স্টার্টআপ আইস্পেস ইনক বলেছে, তাদের প্রথম চাঁদে অবতরণ করার প্রচেষ্টা হাকুটো-আর মিশন ১ (এম১) ল্যান্ডারের সাথে যোগাযোগ হারিয়ে ফেলার পরে মিশনটি ব্যর্থ হয়েছে। এটি সম্ভবত চন্দ্র পৃষ্ঠে বিধ্বস্ত হয়েছে।
কোম্পানিটির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী তাকেশি হাকামাদা একটি লাইভ স্ট্রিমে বলেছেন, আমরা রোভারটির সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছি, তাই আমাদের ধরে নিতে হবে যে আমরা চাঁদের পৃষ্ঠে অবতরণ সম্পূর্ণ করতে পারিনি।
এক সপ্তাহ আগে আমেরিকান কোম্পানি স্পেসএক্স-এর স্টারশিপ রকেট তার লঞ্চ প্যাড থেকে ওঠার কয়েক মিনিটের মধ্যে বিস্ফোরিত হওয়ার পর এটি ব্যক্তিগত উদ্যোগে মহাকাশ অভিযানের জন্য দ্বিতীয় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
এখন পর্যন্ত কোন প্রাইভেট ফার্মই চন্দ্রপৃষ্ঠে অবতরণে সফল হতে পারেনি। শুধুমাত্র যুক্তরাষ্ট্র, প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন এবং চীনেরই চাঁদে সফট-ল্যান্ডেড মহাকাশযান রয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে ভারত এবং একটি বেসরকারি ইসরায়েলি কোম্পানির চন্দ্রপৃষ্ঠে অবতরণের প্রচেষ্টাও ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।

জাপানের শীর্ষ সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো বলেছেন, মিশনটি অসম্পূর্ণ হয়ে গেলেও দেশটি মহাকাশে তার প্রচেষ্টা চালিয়ে যেতে চায়। কারণ দেশীয় মহাকাশ শিল্পের বিকাশে এই প্রচেষ্টাগুলি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।








