বোলারদের দৃঢ়তায় আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথমদিনে ভালো অবস্থানে বাংলাদেশ। আইরিশদের ২১৪ রানে অলআউট করে ১০ ওভারে ২ উইকেটে ৩৪ রানে দিন শেষ করেছে টিম টাইগার্স। এখনও ১৮০ রানে পিছিয়ে সাকিবের দল।
দিনের শেষ বলে ম্যাকব্রিনের শিকার হন ২১ রান করা তামিম ইকবাল। কোনো রানই যোগ করতে পারেননি আরেক ওপেনার বাঁহাতি নাজমুল হোসেন শান্ত। প্রথম বলেই বোল্ড হন মার্ক অ্যাডায়ারের বলে। ১২ রানে অপরাজিত মমিনুল হক, দ্বিতীয় দিনে সাকিব আল হাসানের সঙ্গে ব্যাটে নামবেন।
বুধবার সকালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি ব্যালবির্নে। শুরুর আঘাত হানেন দুই পেসার শরিফুল ইসলাম এবং ইবাদত হোসেন। পরের দুই সেশন নিজেদের করে নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
তাইজুল ৫ উইকেট শিকারের সংখ্যায় দুঅঙ্ক ছুঁয়েছেন আগেই। টেস্টে ১১তম বার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান এদিন। বাঁহাতি স্পিনার ২৮ ওভারে ৫৮ রান খরচায় একাই ৫ ব্যাটারকে সাজঘরে পাঠিয়ে ২১৪ রানে অলআউট করে দেন আয়ারল্যান্ডকে।
মিরপুর টেস্টে সফরকারীদের প্রথম ইনিংস দীর্ঘ হয়েছে ৭৭.২ ওভার। আয়ারল্যান্ডের মিডলঅর্ডার ব্যাটার হ্যারি টেক্টর ৫০ রান করে আউট হন। ত্রিশোর্ধ্ব ইনিংস ছিল তিনটি। তাইজুলের দিনে ইবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট নেন।
আইরিশ ইনিংসে প্রথম আঘাতটি হানেন শরিফুল ইসলাম। ইবাদত ফেরান অপর ওপেনারকে। এরপর কেবলই স্পিনারদের ম্যাজিক্যাল বোলিং। তাইজুল-মিরাজ মিলে তছনছ করেন সফরকারীদের ব্যাটিং লাইন।
প্রথমদিনে অনেকটা দর্শকের ভূমিকায় ছিলেন সাকিব আল হাসান। অধিনায়ক বল হাতে নেন তৃতীয় সেশনে, ইনিংসের ৬৬তম ওভারে। ৩ ওভার হাত ঘুরিয়ে দেন ৮ রান।







