ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের টিকিট কিনতে হবে লাইনে দাঁড়িয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে পরের সিরিজের টিকিট অবশ্য অনলাইনে দেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
১ মার্চ মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ। টাইটেল স্পন্সর ঘোষণা করার জন্য ডাকা রোববার দুপুরের পূর্ব-নির্ধারিত সংবাদ সম্মেলন পিছিয়ে মঙ্গলবার নেয়া হয়। এজন্য দুঃখপ্রকাশ করে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাহী।
‘এবারও আমরা অনলাইনে টিকিট দিতে পারছি না। তবে মার্চে আয়ারল্যান্ড সিরিজের টিকিট আমরা অনলাইন প্ল্যাটফর্মে দিতে আত্মবিশ্বাসী। তাতে মানুষের দুর্ভোগ হয়ত কিছুটা কমবে। কিছু বাণিজ্যিক কারণে আমরা বিপিএলসহ কয়েকটি সিরিজে অনলাইনে দিতে পারিনি টিকিট।’
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকিট পাওয়া যাবে মঙ্গলবার থেকে। বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু ওয়ানডে সিরিজ।
পাশের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মিলবে টিকিট। সব টিকিট বিক্রি না হলে ম্যাচের দিনও খোলা থাকবে বুথ। টিকিটের সর্বনিম্ন দাম এবার ২০০ টাকা, সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা।








