গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে ইরাকি জাহাজ চলাচলে অনুমতি দিয়েছে ইরান। এই সিদ্ধান্তকে প্রণালিটির ওপর তেহরানের নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
আল জাজিরা জানিয়েছে, শনিবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে ইরানের সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, ইরাকের জাহাজগুলো হরমুজ প্রণালি দিয়ে অবাধে চলাচল করতে পারবে এবং তাদের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা হবে না।
তবে এই নিয়ন্ত্রণ কেবল ‘শত্রু দেশগুলোর’ ক্ষেত্রেই বহাল থাকবে। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ইরাকের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্রবিরোধী সংগ্রামে ইরাকের অবস্থানকেও প্রশংসা করা হয়েছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প তেহরানকে একটি চুক্তিতে পৌঁছাতে বা জলপথের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে আহ্বান জানান। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি সতর্ক করে বলেন, অন্যথায় ৪৮ ঘণ্টার মধ্যে ‘ভয়াবহ পরিস্থিতি’ তৈরি হতে পারে। তবে ট্রাম্পের এই হুমকি প্রত্যাখ্যান করেছে ইরান।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান কার্যত হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ জোরদার করে। বিশ্বে সরবরাহকৃত মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।







