সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসকে তাড়াতাড়ি খেলা শেষের অনুরোধ জানিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনির স্ত্রী সাক্ষী সিংহ ধোনি। ইনস্টাগ্রাম পোস্টে তিনি অনুরোধের কারণ হিসেবে ‘বাচ্চা জন্মের কথা’ লিখে আলোচনারও জন্ম দিয়েছেন।
চিপকের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে রোববার গ্যালারিতে বসে খেলা দেখছিলেন সাক্ষী। এমন সময় তার করা পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পোস্টে লেখা ছিল, ‘দয়া করে এই ম্যাচটা তাড়াতাড়ি শেষ করো। বাচ্চার জন্মানোর সময় হয়ে এলো। হবু ফুপুর কাছ থেকে ছোট একটা অনুরোধ।’
সাক্ষীর পোস্টেই পরিষ্কার, তিনি ফুপু হতে চলেছেন। সেজন্যই দ্রুত মাঠ ছাড়তে চাইছিলেন। তাই মজার ছলে ধোনিদের দ্রুত ম্যাচ শেষের অনুরোধ করছিলেন। পরিবারের কার সন্তানের জন্ম হতে চলেছে, সেটি অবশ্য বিস্তারিত জানাননি।
মাঠে সানরাইজার্সকে ৭৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আইপিএলের প্লে-অফের পথে এগিয়েছে চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১২ রান তোলে চেন্নাই। জবাবে ১৮.৫ ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ।
জয়ে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে তিনধাপ এগিয়ে তৃতীয় স্থানে এখন চেন্নাই। সমান খেলায় ১০ পয়েন্ট পেলেও রানরেটে পিছিয়ে চারে হায়দরাবাদ। সবার আগে প্লে-অফের টিকিট কাটা রাজস্থান রয়্যালস ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে।








