নির্ধারিত অফিস সময়ের পর বাংলাদেশ সচিবালয় এর অভ্যন্তরে কোন মন্ত্রণালয়/বিভাগের অফিস নির্ধারিত সময়ের পরে খোলা রাখার প্রয়োজন হলে আগেই জননিরাপত্তা বিভাগকে জানানোর নির্দেশ দেয়া হয়েছিল।
মন্ত্রণালয় সূত্রে ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) এ তথ্য জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে গত ৩ নভেম্বর এ বিষয়ে একটি চিঠি ইস্যু করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে সার্বিক নিরাপত্তার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক নিয়ন্ত্রণ করা হয়। নির্ধারিত অফিস সময়ের পরও সচিবালয়ের অভ্যন্তরে মন্ত্রণালয়/বিভাগের অফিস কক্ষ খোলা রেখে কাজ করলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এমতাবস্থায়, সচিবালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে নির্ধারিত অফিস সময়ের পর জরুরি বা বিশেষ প্রয়োজনে সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত মন্ত্রণালয়/বিভাগের কোন অফিস কক্ষ খোলা রাখার প্রয়োজন হলে আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে লিখিতভাবে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।








