কোনো টুর্নামেন্টের ফাইনালে ওঠা দলকে সেরা হিসেবে অনায়াসে বিবেচনা করাই যায়। অপরাজিত থেকে যখন শিরোপা জয়ের লড়াইয়ে কেউ আসে, তাহলে তো কথাই নেই। যোগ্যতার ভিত্তিতে ফাইনালে ভারত, তাতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। তবে সাফল্যের মাঝেও থাকে কাঁটা। টিম ইন্ডিয়ার সেই কাঁটা এখন বিরাট কোহলির অফফর্ম।
এবারের বিশ্বকাপে ওপেনিং পজিশনে খেলতে থাকা বিরাটের পারফরম্যান্স ভয়াবহ রকমের খারাপ। পরিসংখ্যানের দিকে তাকালে চোখ কপালেই উঠবে। ৭ ম্যাচে ১০.৭১ গড়ে তার ব্যাটে এসেছে মাত্র ৭৫ রান। স্ট্রাইক রেট ঠিক ১০০, টি-টুয়েন্টি ফরম্যাটে যা একেবারেই বেমানান।
ব্যাট হাতে দুঃসময় পেরোতে থাকা কিং কোহলির ফর্ম নিয়ে আবারও প্রশ্ন শুনছেন রোহিত। টিম ইন্ডিয়ার অধিনায়ক অবশ্য তার সতীর্থের পাশেই থাকছেন। তার সাফ কথা, ‘কোহলি কেমন ক্রিকেটার, তা আমরা সবাই জানি। সবার ক্যারিয়ারেই খারাপ সময় আসে। আবার খারাপ সময় কেটে যায়। সে রানের জন্য মুখিয়ে আছে। ফাইনালেও সে ওপেন করবে। আমরা আশা করছি, ফাইনালে কোহলির ব্যাট কথা বলবে।’
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহক কোহলি। ১২৪ ম্যাচে ৪৮.৩৭ গড়ে করেছেন ৪,১১২ রান। সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৩৪ রান তুললেই বাবর আজমকে (৪,১৪৫) ছাড়িয়ে তালিকার দুইয়ে উঠবেন। তার উপরে শুধুই রোহিত শর্মা (৪,২২২) থাকবেন।








