শনিবার (২৯ জুন) দক্ষিণ আফ্রিকাকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে ট্রফি জেতে ভারত। ১৭ বছরের খরা কাটিয়ে এদিন টি-টুয়েন্টি বিশ্বকাপের বিজয়ী হয় ‘মেন ইন ব্লু’। তারপর থেকেই গোটা ভারত ভাসছে উচ্ছ্বাসে। যে তালিকায় বাদ যায়নি তারকারাও।আনুশকা শর্মা থেকে শুরু করে ভিকি কৌশল, রণবীর সিং, সিদ্ধার্থ মালহোত্রা, সালমান খান, কাজল, রাম চরণ সহ অনেক তারকাই সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় টিমকে।
এদিন আনুশকা শর্মা পরপর দুটি পোস্ট করেন ভারতের বিশ্বকাপ জয়ের পর। তার বেটার হাফ বিরাট কোহলিকে ‘আমার ঘর’ বলে আখ্যা দেন আনুশকা। জানান তিনি ঠিক কতটা ভালোবাসেন তার স্বামী বিরাটকে। একই সঙ্গে জানান টিভির পর্দায় খেলোয়াড়দের কাঁদতে দেখে ছোট্ট ভামিকার কী প্রতিক্রিয়া ছিল সেই কথাও।
দক্ষিণী অভিনেতা রাম চরণ লিখেছেন, টিম ইন্ডিয়ার অবিশ্বাস্য জয়! ভালো হয়েছে, দল! বুমরাহ, বিরাট ও হার্দিকের এর অসাধারণ পারফরম্যান্সের জন্য হুররে! এই জয়টিকে স্মরণীয় করে রাখার জন্য তোমাদের ধন্যবাদ।
ভিকি কৌশল এদিন ভারতের জয়ের নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং তাদের শুভেচ্ছা জানান। এছাড়া তিনি বিরাট কোহলির একক একটি ছবিও আলাদা করে পোস্ট করেন।
কাজল লিখেছেন, আমি এখনও চিৎকার করছি এবং আমার আনন্দের হাসি শেষ হচ্ছে না, এত খুশি এবং এত গর্বিত! যারা এই ম্যাচে পারফর্ম করেছেন তাদের জন্যই আজকের এই জয়, সত্যিই এটি একটি দলীয় প্রচেষ্টা!
অন্যদিকে রণবীর সিং আবার হার্দিক পান্ডিয়ার সমর্থনে একটি পোস্ট করেন। ভারতের এই জয়ের অন্যতম কারিগর যে পান্ডিয়া সেটা জানাতে ভোলেননি অভিনেতা।
সিদ্ধার্থ মালহোত্রাও এদিন টিম ইন্ডিয়ার খেলা দেখে মুগ্ধ হয়ে যান। তিনি রোহিত, বিরাট এবং বুমরাহর প্রশংসা করেন তার পোস্টে। তিনি লেখেন, ‘কী দুর্ধর্ষ পারফরমেন্স টিম ইন্ডিয়া। রোহিতের লিডারশিপ, বিরাটের আগুন, বুমরাহর বোলিংয়ের উপর ভর দিয়েই এই জয় এল। ঐতিহাসিক টিম, অবিশ্বাস্য জয়।’
সালমান খানও এদিন ভারতীয় টিমের হয়ে গলা ফাটান। এদিন তিনি বিশ্ব চ্যাম্পিয়নদের একটি ছবি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। এছাড়াও কারিনা কাপুর থেকে ভূমি পেডনেকর, আলিয়া ভাট সহ একাধিক বলিউড তারকারা এদিন সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট শেয়ার করেছেন ভারতের জয়ে।- ইন্ডিয়ান এক্সপ্রেস








