সাউথ আফ্রিকা সিরিজের শেষ দুই ম্যাচে দুই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিলক ভার্মা। পরের ম্যাচে নেমে আবারও সেঞ্চুরি হাঁকালেন ভারতের তরুণ তারকা ব্যাটার। শেষটি অবশ্য ঘরোয়াতে। তাতে টি-টুয়েন্টির এক বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছেন ২২ বর্ষী তিলক।
সৈয়দ মুশতাক আলী ট্রফিতে শনিবার রাজকোটে হায়দরাবাদের হয়ে মেঘালয়ের বিপক্ষে ৬৬ বলে ১৫১ রান করেন তিলক। তাতে স্বীকৃত টি-টুয়েন্টি ক্রিকেটে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার এখন বাঁহাতি মারকুটে তারকা।
তিলক ১৫১ রানের ইনিংসে ছক্কা মেরেছেন ১০টি। প্রোটিয়াদের বিপক্ষে শেষ ম্যাচেও ১০টি ছক্কা মেরেছিলেন, তার আগের ম্যাচে ৭টি। তাতে সর্বশেষ তিন ম্যাচে শুধু ছক্কাই মেরেছেন ২৭টি।
এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স তিলককে ৮ কোটি রুপিতে ধরে রেখেছে। রোববারের মেগা নিলামে তাকে দলে টানতে টানাটানি পড়ার দশা হতে পারত!










