টেস্ট ক্রিকেটে ভারতের দুর্দশা চলছেই। ঘরের মাঠে সবশেষ ছয় টেস্টে ৪টি হেরেছে তারা। কলকাতায় সাউথ আফ্রিকা সিরিজে প্রথম টেস্টে আড়াই দিনে হারের পর মুখ খুলেছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি সৌরভ গাঙ্গুলি। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে গৌতম গম্ভীরদের যা করতে হবে সে পরামর্শও দিয়েছেন তিনি।
ইডেনের স্পিন সহায়ক উইকেট বানিয়ে সাউথ আফ্রিকাকে ফাঁদে ফেলতে চেয়েছিল ভারত। নিজেদের জালে আটকে গেছে তারাই। ১২৪ রানের লক্ষ্যে নেমেও ৩০ রানে হেরেছে দলটি।
গাঙ্গুলি পরে বলেছেন, ‘ভালো উইকেটে খেলুন। আশা করি গৌতম গম্ভীর শুনছেন। উইকেটকে খেলার ভাবনা থেকে সরিয়ে দিন। কারণ ব্যাটারা যদি ৩৫০-৪০০ রান না করে, টেস্ট জেতা সম্ভব নয়। ইংল্যান্ডে জেতার কারণ ছিল ব্যাটারদের রান। তাই ভালো উইকেটে খেলতে হবে, নিজের খেলোয়াড়দের উপর ভরসা রাখতে হবে এবং পাঁচদিনে টেস্ট জিততে হবে, তিন দিনে নয়।’
‘আমি গৌতমকে খুব পছন্দ করি, ও ২০১১ এবং টি-টুয়েন্টি বিশ্বকাপে ভালো করেছে। কিছুদিন চালিয়ে যাবে, কিন্তু ওকে ভারতে ভালো উইকেটে খেলতে হবে। বুমরাহ, সিরাজ এবং শামির উপর আস্থা রাখতে হবে। মনে করি, শামি এই টেস্ট দলে থাকার যোগ্য। শামি এবং স্পিনাররা ওর জন্য টেস্ট ম্যাচ জিতবে।’
দুই ম্যাচের সিরিজে শেষটি শুরু হবে ২২ নভেম্বর। গৌহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে দুদলের লড়াই।








