এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ে নায়ক অভিষেক শর্মা। ৩৯ বলে ৭৪ রানের বিস্ফোরক ইনিংস খেলে ৬ উইকেটে জিতিয়ে হয়েছেন ম্যাচসেরা। ম্যাচে ফল ছাপিয়ে দেখা গেছে অন্য বিতর্কও। মাঠে তর্কে জড়িয়েছিলেন ভারতের অভিষেক শর্মা ও পাকিস্তানের হারিস রউফ। ম্যাচের পর সেটার কারণও জালানেল ভারতের তরুণ ওপেনার।
ম্যাচে পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি ও হারিস রউফের সঙ্গে ভারতীয় ওপেনার অভিষেক ও শুভমন গিলের উত্তপ্ত কথাযুদ্ধ দেখা যায়। মাঠের বাইরে রাজনৈতিক টানাটানির প্রভাব মাঠেও যেন ছিল। হাত মেলাতে অস্বীকৃতি জানানো থেকে শুরু করে দর্শকদের ব্যাট দেখিয়ে রউফের ভিন্ন ভঙ্গি- সবমিলিয়ে ম্যাচজুড়ে ছিল বাড়তি উত্তাপ।
অভিষেক পরে জানিয়েছেন, পাকিস্তান বড্ড বেশি বাড়াবাড়ি করছিল। ব্যাট হাতে সেটারই জবাব দিয়েছেন। বলেছেন, ‘পাকিস্তানের বোলাররা বেশি বাড়াবাড়ি করছিল। কোন কারণ ছাড়াই আমাদের দিকে তেড়ে আসছিল, তর্ক করছিল। আমার সেটা একেবারেই পছন্দ হয়নি। তাই ওদের জবাব দেয়া দরকার ছিল। দলকে জেতাতে চেয়েছিলাম। সেটা পেরেছি।’
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার রাতে টসে হেরে আগে ব্যাটে নেমেছিল পাকিস্তান। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৭১ রান তোলে তারা। জবাবে ৭ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত।








