দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান চলমান উত্তেজনা প্রশমনে যুদ্ধবিরতির মেয়াদ ১৮ মে পর্যন্ত বাড়িয়েছে। গত ১৪ মে দুই দেশের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার।
জিও নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার ১৬ মে পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে দেওয়া এক বক্তব্যে ইসহাক দার জানান, ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্স (ডিজিএমও) পর্যায়ের বৈঠকে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর বিষয়ে সম্মত হন উভয় পক্ষ।
যুদ্ধবিরতির প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে ইসহাক দার জানান, ডিজিএমওদের কথোপকথনে যুদ্ধবিরতি ১২ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। ১২ মে ডিজিএমওরা আবার কথা বললে, যুদ্ধবিরতি ১৪ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। ১৪ মে আরও আলোচনার ফলে যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হলো।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে দুই দেশে পাল্টাপাল্টি হামলার ঘটনার পর ১০ মে ভারতের লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই ও পাকিস্তানের মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ টেলিফোনে আলোচনা করে ১২ মে পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণা দেন।








