পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সোমবার ভারতে পৌঁছেছে ইংল্যান্ড। ভিসা জটিলতায় দলের সঙ্গে আসতে পারেননি স্পিনার শোয়েব বশির। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড মনে করেছিল, বিষয়টি সংযুক্ত আরব আমিরাতেই সমাধান হয়ে যাবে। না হওয়ায় দেশে ফিরে যেতে হয় ২০ বর্ষী তরুণকে।
ভারতে পা রাখার আগে আমিরাতে অনুশীলন করে ইংল্যান্ড। সেখান থেকে উড়াল দেয় ভারতে। কিন্তু পাকিস্তানি বংশোদ্ভূত অফস্পিনার বশির ভিসা পাননি। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক বেন স্টোকস।
ইংলিশ অলরাউন্ডার বলেছেন, ‘বিশেষ করে অধিনায়ক হিসেবে এই ঘটনাকে বেশ হতাশাজনক বলব। আমরা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে স্কোয়াড ঘোষণা করেছিলাম, আর বশির এখনও ভারতের ভিসা পায়নি। দলে প্রথম কেউ সুযোগ পেয়ে এমন অভিজ্ঞতা কাম্য নয়। তার জন্য খারাপ লাগছে।’
স্টোকসের দাবি ভারতে আসতে এমন ভিসা জটিলতায় পড়তে হয় অনেক খেলোয়াড়কেই। বিরক্তি নিয়ে ৩২ বর্ষী তারকা বলেছেন, ‘এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া প্রথম ক্রিকেটার সে নয়। এমন অনেকের সঙ্গে খেলেছি, যারা এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। এটা হতাশার, যে খেলোয়াড়কে আমরা দলে নিয়েছি, ভিসা সমস্যায় তাকে এখনো পাইনি। বিশেষ করে সে একজন তরুণ ক্রিকেটার। এটা দুর্ভাগ্যজনক এবং হতাশার।’
গত ১১ ডিসেম্বর ভারত সফরের ইংলিশ দল দেয়ার পরই ভিসার জন্য খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের কাগজপত্র জমা দেয়া হয়। স্কোয়াডে থাকা আরেক ১৯ বর্ষী পাকিস্তানি বংশোদ্ভূত লেগ স্পিনার রেহান আহমেদের ভিসা পেতে কোনো সমস্যা হয়নি। কারণ সর্বশেষ বিশ্বকাপে ইংল্যান্ড দলে স্ট্যান্ডবাই থাকায় রেহানের ভিসা সম্পর্কিত কাগজপত্র আগেই সেরে রাখা হয়েছিল। তাই এবারের সফরে ভারতে যেতে কোনো সমস্যা হয়নি।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বৃহস্পতিবার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে মাঠের লড়াই।








