চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও রাজনৈতিক কারণে দেশটিতে খেলতে যায়নি ভারত। হাইব্রিড মডেলের আসরে ভারতের সঙ্গে খেলতে স্বাগতিকদের উড়াল দিতে হয়েছে দুবাইয়ে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে মাঠের লড়াই। মহারণের আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যান কী বলছে।
সাম্প্রতিক সময়ে ভারতের কাছে বারবার হারলেও ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে পাকিস্তান। ১৩৫ বারের দেখায় তারা জিতেছে ৭৩ ম্যাচ, ভারত জিতেছে ৫৭ বার। পাঁচ ম্যাচে কোন ফল হয়নি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এপর্যন্ত ৫ বার মুখোমুখি হয়েছে দল দুটি। বিশ্ব ক্রিকেটের অন্যতম হাইভোল্টেজ দ্বৈরথেও পরিসংখ্যান পাকিস্তানের পক্ষে, তাদের ৩ জয়ের বিপরীতে ভারত জিতেছে ২টিতে।
২০০২ আসরে বৃষ্টির কারণে রিজার্ভ ডেতেও ম্যাচ মাঠে না গড়ালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। পরে ২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে প্রতিযোগিতাটিতে দ্বিতীয়বার নিজেদের শ্রেষ্ঠত্বের দেখা পায় টিম ইন্ডিয়া। অন্যদিকে সর্বশেষ ২০১৭ আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান।
আইসিসির সব ইভেন্ট বিবেচনায় নিলে পরিসংখ্যানে রোহিত-কোহলিদেরই দাপুটে অবস্থান। দুদলের ২১ মুখোমুখি দেখায় ভারত ১৭টিতে জিতেছে। এরমধ্যে ওয়ানডে বিশ্বকাপে জয় শতভাগ (৮টি)। টি-টুয়েন্টি বিশ্বকাপেও ৮টির মধ্যে ৭টিতে জয় ভারতের।








