এই খবরটি পডকাস্টে শুনুনঃ
১৫ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টি-টুয়েন্টি বিশ্বকাপের বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ। ম্যাচটিতে অংশ না নেয়ার সিদ্ধান্ত ছিল পাকিস্তান সরকারের। আইসিসির সঙ্গে কয়েকদিন আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পর অবস্থান পরিবর্তন করেছে ইসলামাবাদ। ম্যাচটি হচ্ছে জেনে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কুমারা দিসানায়েকে খুশি।
গত রোববার লাহোরে আইসিসির উদ্যোগে পাকিস্তান, বাংলাদেশসহ কয়েকটি সদস্য দেশের বোর্ড প্রধানদের নিয়ে বৈঠক হয়। বহুপাক্ষিক আলোচনা শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি আলোচনা করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে। পরে ভারতের বিপক্ষে খেলার অনুমতি দেয় পাকিস্তান সরকার।
সিদ্ধান্তের আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে সরাসরি শেহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেন। আলোচনায় দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে অচলাবস্থা নিরসনের আহ্বান জানান।
ম্যাচ হচ্ছে নিশ্চিতের পর দিসানায়েকে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তোষ প্রকাশ করে লিখেছেন, ‘খুবই আনন্দ লাগছে যে কলম্বোতে চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপের বহুল আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ নির্ধারিত সময়ে হচ্ছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ধন্যবাদ।’
পাকিস্তান সরকার জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক অনুরোধ এবং শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য সদস্য দেশের সমর্থন বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত হয়েছে। খেলাটির ধারাবাহিকতা ও আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থ রক্ষাই পাকিস্তান সরকারের মূল লক্ষ্য।







