ভারত-নিউজিল্যান্ডের ফাইনাল দিয়ে পর্দা নামছে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের। গুজরাটে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রাতের ফাইনাল নিয়ে রয়েছে নানা আলোচনা। কিন্তু রোববার ফাইনাল ম্যাচটি শেষঅবধি ভেস্তে গেলে কে হবে চ্যাম্পিয়ন? ভারত বা নিউজিল্যান্ড, নাকি আবারও গড়াবে ফাইনাল?
টি-টুয়েন্টি বিশ্বকাপে কোন দলই ধারাবাহিকভাবে শিরোপা জিততে পারেনি। স্বাগতিক কোন দেশের শিরোপা জেতার ইতিহাসও নেই। সূর্যকুমার যাদবের দলের সামনে হাতছানি দিচ্ছে সেই ইতিহাস। অন্যদিকে ব্লাক ক্যাপসদের জন্যও ইতিহাস গড়ার সুযোগ এসেছে। দলটি টি-টুয়েন্টি বিশ্বকাপ তো বটেই, কখনোই কোন বিশ্বকাপ জিততে পারেনি।
রোববার গুজরাটে হতে চলা ফাইনালে বৃষ্টির সম্ভাবনা নেই। যদি বৃষ্টি ঝরে বা কোন কারণে ফাইনাল ম্যাচ ভেস্তে যায়, তখন কীভাবে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে? জেনে নেয়া যাক নিয়ম কী বলছে।
টি-টুয়েন্টির আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে আইসিসির নিয়ম বলছে, একটি ম্যাচ হয়েছে বিবেচনা করা হবে যদি দুদলই অন্তত পাঁচ ওভার করে ব্যাট করতে পারে। এই নিয়ম গ্রুপপর্ব ও সুপার এইটের ক্ষেত্রে প্রযোজ্য। সেমি বা ফাইনালের ক্ষেত্রে সেটি বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ, অন্তত ১০ ওভার করে ব্যাট করতে হবে। ফাইনালের জন্য ১২০ মিনিট অতিরিক্ত সময় রাখা আছে, এমনকি ওভার কমানোর ক্ষেত্রেও।
যদি ১০ ওভার করে ম্যাচ বা ফাইনাল না হয়, সেক্ষেত্রে রিজার্ভ ডে কাজে লাগানো হবে। অর্থাৎ, ৯ মার্চ আবারও ফাইনাল ম্যাচটি গড়াবে। তবে আগেরদিন যেখানে ম্যাচ শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে। নতুন ম্যাচ হতে পারবে না। যেমন- রোববার যদি ভারত বা নিউজিল্যান্ড ১/৪০ রানে শেষ করে, রিজার্ভ ডে’তে ওইখান থেকেই ম্যাচ শুরু হবে।
যদি রোববার টস হয়, কিন্তু একটি বলও না গড়ায়, তখন টসের ফলাফল এবং উভয় দলের একাদশ সোমবারের রিজার্ভ ডে পর্যন্ত বহাল থাকবে। যদি রোববার বা সোমবার বৃষ্টি বা অন্যকোন কারণে একটি বলও না খেলা হয়, তাহলে ভারত এবং নিউজিল্যান্ডকে টি-টুয়েন্টি বিশ্বকাপের যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
আইসিসির আসরে যৌথ চ্যাম্পিয়নের একটি মাত্র উদাহরণ রয়েছে। ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কা ও ভারত ফাইনালে উঠেছিল। কলম্বোতে ফাইনালে দুদিন ধরে মুষলধারে বৃষ্টির পর ভারত ও শ্রীলঙ্কাকে যৌথ বিজয়ী ঘোষণা করা হয়েছিল।
আসরের প্রথম সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। অপর সেমিতে ইংল্যান্ডকে হারিয়ে স্বাগতিক ভারত ফাইনালে উঠেছে।







