চীনকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে ভারত। জাতিসংঘের নতুন হিসাব অনুযায়ী দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় ১৪২.৮৬ কোটি। প্রায় ৩০ লাখ বেশি জনসংখ্যা নিয়ে আজ চীনকে ছাড়িয়ে গেল ভারত।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
আজ বুধবার জাতিসংঘ জনসংখ্যা তহবিলের স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট ২০২৩ অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যা ১৪২.৮৬ কোটি যেখানের চীনের বর্তমান জনসংখ্যা ১৪২.৫৭ কোটি। তৃতীয় স্থানে থাকছে মার্কিন যুক্তরাষ্ট্র যার আনুমানিক জনসংখ্যা ৩৪ কোটি। এই তালিকায় বাংলাদেশ রয়েছে ৮ নম্বর স্থানে।
১৯৫০ সালে জনসংখ্যার তথ্য সংগ্রহ করা শুরু করার পর এই প্রথমবার ভারত সর্বাধিক জনবহুল দেশের তালিকায় শীর্ষে রয়েছে। এদিকে প্রাক্তন নেতা মাও সেতুং-এর বিপর্যয়কর কৃষি নীতির অধীনে লক্ষ লক্ষ মানুষ অনাহারে মারা যাওয়ার কারণে ১৯৬০ সালের পর প্রথমবারের মতো চীনে মানুষের সংখ্যা হ্রাস পেয়েছে।
গত বছর, চীনের জনসংখ্যা ছয় দশকের মধ্যে প্রথমবারের মতো হ্রাস পেয়েছে, এটি একটি ঐতিহাসিক মোড়। কারণ দীর্ঘ সময় পর দেশটি নাগরিক সংখ্যার পতনের সূচনা করবে। জনসংখ্যা কমে যাওয়ার বিষয়টি অর্থনীতি এবং বিশ্বের জন্য গভীর প্রভাব ফেলতে যাচ্ছে।








