দেশের অভ্যন্তরীন সামরিক ড্রোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে সামরিক ড্রোন উৎপাদনে চীনের তৈরি যন্ত্রাংশের ব্যবহার নিষিদ্ধ করেছে ভারত।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের অভ্যন্তরীন নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বের দুই পারমাণবিক পরাশক্তি প্রতিবেশী দেশ ভারত এবং চীনের মধ্যে কয়েক বছর ধরেই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ভারত তাদের সেনাবাহিনীকে আধুনিক রূপ দেওয়ার জন্য ড্রোনের ব্যবহার বাড়াতে চাইছে। এছাড়াও দীর্ঘমেয়াদী টেকসই ব্যবস্থা গ্রহণ করতে চাইছে তারা।
তবে সামরিক চাহিদা পূরণে ভারতের উদীয়মান ড্রোন শিল্পের নিরাপত্তার দিকটি এখনও শক্ত নয়। দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তারা জানান, চীনের তৈরি ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ যেমন- ক্যামেরা, রেডিও ট্রান্সমিশন বা অপারেটিং সফটওয়্যার ব্যবহার করলে গোয়েন্দা তথ্যসংগ্রহ ব্যাহত হতে পারে। যা একটি উদ্বেগের কারণ।
এদিকে ড্রোন সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপর এমন নিরাপত্তাজনিত অভিযোগের কথা অস্বীকার করছে চীন। গত সপ্তাহেই চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে ড্রোন এবং ড্রোন সংশ্লিষ্ট যন্ত্রাংশ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু চীনা যন্ত্রাংশের ওপর ভারতের নিষেধাজ্ঞার বিষয়ে কোনো মন্তব্য করেনি চীন।








