আইপিএলের রিটেনশন (খেলোয়াড় ধরে রাখা) পর্ব শেষ হয়েছে গত বৃহস্পতিবার। এবার মেগা নিলামের পালা। আগে থেকেই আলোচনায় ছিল নিলাম হতে চলেছে সৌদি আরবের রিয়াদে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে খবরের সত্যতা মিলেছে। সঙ্গে আইপিএলের নিলামের সম্ভাব্য দিনও প্রকাশ্যে এসেছে।
রিটেনশন পর্বে প্রতিটি দল নিজেদের পরিকল্পনা অনুযায়ী ২-৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার থাকতে পারে। আইপিএলের ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন মৌসুমের জন্য রেখে দিয়েছে। নিলামে সবমিলিয়ে আরও ২০৪ জন ক্রিকেটার দল পেতে পারেন। তার মধ্যে ৭০ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারেন। আগামী তিন বছরের জন্য কার দল কেমন হবে, সেটাই এখন দেখার।
বিসিসিআই সূত্রে ভারতীয় গণমাধ্যমে খবর, আগামী ২৪ ও ২৫ নভেম্বর হবে আইপিএলের নিলাম। রিয়াদে নিলামের আয়োজন করা হচ্ছে। বোর্ডের সূত্রে ভারতের একাধিক গণমাধ্যমে ২৪ ও ২৫ নভেম্বরের কথা এলেও আনুষ্ঠানিক ঘোষণা আসতে খানিক অপেক্ষা রয়েছে।
২২ নভেম্বর থেকে পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-ভারতের প্রথম টেস্ট। আইপিএল নিলামের জন্য নির্ধারিত দিনটি ভারতের প্রথম টেস্টের তৃতীয় এবং চতুর্থ দিন। অন্যদিকে বোর্ডার-গাভাস্কর ট্রফি ও আইপিএলের নিলাম সম্প্রচারকারী চ্যানেল একই। তাই কোন সময় নিলাম শুরু করা হবে তা নিয়ে চলেছে আলোচনা।








